ঢাকাTuesday , 29 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

Link Copied!

Spread the love

📰 ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

📌 ডিজিটাল বাংলাদেশ | প্রতিবেদক: এইচ কে খালেদ সাইফুল্লাহ

 

নিউইয়র্ক, ২৮ জুলাই:

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় চলমান যুদ্ধের অবসান ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

 

সোমবার (২৮ জুলাই) নিউইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এর আগে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত একটি উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি অংশ নেন, যেখানে ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সৌদি স্বীকৃতি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গেই যুক্ত। গাজায় যখন গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর মৃত্যু চলছে, তখন এই মুহূর্তে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা করার কোনো অর্থ বা গ্রহণযোগ্যতা নেই।”

 

তিনি আরও বলেন, “আমরা আশা করি, এই সম্মেলনের একমত হবার ভিত্তিতে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গতি তৈরি হবে। তখনই সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনা সম্ভব হবে।”

 

গাজায় চলমান পরিস্থিতি নিয়ে প্রিন্স ফয়সাল বলেন, প্রথমে যুদ্ধ বন্ধ হওয়া এবং মানুষের দুর্ভোগ লাঘব হওয়া প্রয়োজন। এর পরেই আলোচনা হতে পারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে। আর সেটি বাস্তবায়িত হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা ভাববে রিয়াদ।

 

বিশ্লেষকদের মতে, ইসরায়েল ইস্যুতে সৌদি আরব এতটা স্পষ্ট ও কৌশলগতভাবে দৃঢ় অবস্থান এর আগে প্রকাশ করেনি। এটি মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সৌদির অবস্থানকে সুস্পষ্ট করে তুলেছে। একইসঙ্গে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক কূটনৈতিক প্রতিবাদ হিসেবেও বিবেচিত হচ্ছে এই বক্তব্য।